প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

অনুব্রত-ঘনিষ্ঠ গগন সরকারকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান

অনুব্রত-ঘনিষ্ঠ গগন সরকারকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান প্রায় পাঁচ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে নির্বাচন হতে চলেছে বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বিশ্বভারতী সমবায় সমিতি চত্বর।অনুব্রত-ঘনিষ্ঠ গগন সরকারকে লক্ষ্য করে উঠলো ‘চোর চোর’ স্লোগানl মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়ন জমার স্থান ঘিরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

 

অভিযোগ, অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার ওরফে গগন সরকার সেখানে উপস্থিত হতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থক ও সমবায়ের কয়েকজন সদস্য। তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল ছেড়ে চলে যান গগন সরকার।উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন না হওয়ায় সমিতির পরিচালন ব্যবস্থা নিয়ে সদস্যদের একাংশের মধ্যে ক্ষোভ জমছিল। সমবায়ের পরিচালনায় দীর্ঘদিনের প্রভাব, আর্থিক লেনদেন এবং সদস্যদের প্রাপ্য লভ্যাংশ নিয়ে অতীতে একাধিক অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও গুরুত্বপূর্ণ।এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বিশ্বভারতীর অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের সমবায় ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ সমবায় ব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। অতীতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে এবং নির্বাচন প্রক্রিয়াও বারবার বাধা প্রাপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন। এবার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।সমবায় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। মোট ৫৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৭ ডিসেম্বর। ভোটার সংখ্যা ১ হাজার ৪৫৮ জন।প্রসঙ্গত, ২০২৫ সালের ২৭ জুলাই বিশ্বভারতী সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না হওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর দীর্ঘদিন ধরে নির্বাচন ও পরিচালন ব্যবস্থা নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ১৯২৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সমবায় প্রতিষ্ঠান বিশ্বভারতীর অধ্যাপক, শিক্ষাকর্মী, আধিকারিক ও পেনশনভোগীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই সমিতির পরিচালনায় কারা আসবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে সদস্যদের মধ্যে। তবে পাঁচ বছরের অচলাবস্থা কাটিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই যেভাবে রাজনৈতিক স্লোগান, বিক্ষোভ ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হল, তাতে আগামী দিনের নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রবীন্দ্রনাথের সমবায় ভাবনার ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানে শেষ পর্যন্ত কতটা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্বভারতীর সমবায়ের সদস্যরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe