শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সিউড়িতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল অ্যাকাডেমিক ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৬। দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুরের উদ্যোগে ২২ নভেম্বর ২০২৬, রবিবার সিউড়ির হোটেল সাগরে এই পরীক্ষার সফল আয়োজন করা হয়।
চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় গণিত ও বিজ্ঞানের ধারণাভিত্তিক জ্ঞানের মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা মেধা ও প্রতিভাকে চিহ্নিত করা এবং তাদের আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ ৬৫ হাজার টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অ্যাডমিশনস অ্যান্ড মার্কেটিং প্রিয়া দাগা, সিনিয়র কো-অর্ডিনেটর এনাক্ষী দত্ত ও বিবেকানন্দ মুখোপাধ্যায়-সহ বিদ্যালয়ের অন্যান্য সিনিয়র স্টাফ সদস্যরা।
এদিন শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। বিশেষভাবে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষায় ৯৭ শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে স্কুল ফি-তে ১০০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়।
এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি করার বার্তা দিল দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুর।





