সিউড়ি শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ। সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে সিউড়ি পুলিশ লাইনের রাস্তা চওড়া করা ও সংস্কারের কাজে হাত লাগাল সিউড়ি পৌরসভা।
^
?.
সোমবার সিউড়ি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায় রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা করেন পৌরসভার নির্বাহী আধিকারিক নীলাদ্রি সরকার। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার ফিন্যান্স অফিসার সমরেন্দ্রনাথ মান্না, সমাজসেবী সুনয়ন ভান্ডারী, স্বপন দাস, অরুণ পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরেই সিউড়ি শহরের বিভিন্ন রাস্তার সংস্কার ও উন্নয়নের দাবি উঠছিল। এবার সেই দাবিকে গুরুত্ব দিয়ে শহরের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে পৌরসভা। শুধু ১৭ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকাই নয়, পর্যায়ক্রমে সিউড়ি শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মেরামত ও সংস্কারের কাজ শুরু করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে।
শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা এবং নাগরিকদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগকে সিউড়ির পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





