আইনের প্রতি ভরসা রয়েছে। ভারতের সংবিধানকে সম্মান করেন। তদন্তে সবরকম সহযোগিতা করছেন এবং আগামী দিনেও করবেন। শনিবার সিউড়ি থানায় জাল ডিসিআর কাণ্ডে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়ে থানা থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল।
শনিবার দুপুর ঠিক একটা নাগাদ বিলাসবহুল গাড়িতে চড়ে সিউড়ি থানায় পৌঁছন তিনি। যদিও দুপুর ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর থানায় আসেন টুলু মণ্ডল।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশে ফেরার পর শুক্রবারই কলকাতার ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন তিনি। একই দিনে সিউড়ি ও পাঁচামিতে তাঁর পেট্রোল পাম্প এবং ক্রাশার অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তদন্তকারীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার মূল মামলার তদন্তে তাঁকে সিউড়ি থানায় ডেকে পাঠানো হয়।
পাথর বলয়ে জাল ডিআরসি চক্রের জাল কতদূর বিস্তৃত, এই চক্রের নেপথ্যে আর কারা জড়িত, তা জানতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি, তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা এবং কোটি কোটি টাকার উৎস সম্পর্কেও তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে তদন্ত সূত্রে জানা গিয়েছে।তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টুলু মণ্ডল বলেন, “আইনের প্রতি আমার ভরসা আছে। ভারতের সংবিধানকে সম্মান করি। শুক্রবার সিআইডি অফিসেও গিয়েছিলাম। যত রকম সহযোগিতা করার, করেছি। এখানে আইও ডিএসপি ডিএনটি সাহেব ডেকেছিলেন। তাঁদেরও যতদূর পেরেছি সহযোগিতা করেছি। পরবর্তীকালে যদি তাঁরা ডাকেন, আমি আবার এসে সহযোগিতা করব।”জাল ডিআরসি কাণ্ডে কারা কারা যুক্ত রয়েছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তা তদন্তসাপেক্ষ। কোর্ট জানিয়ে দেবে।”অন্যদিকে, তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত
জিজ্ঞাসাবাদের সময় টুলু মণ্ডল তদন্তে সহযোগিতা করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনও প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করেছেন কি না, জানতে চাওয়া হলে তদন্তকারীরা জানান, “এটা তদন্তের বিষয়। তাই এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয়।”টুলু মণ্ডলের বাজেয়াপ্ত সম্পত্তির ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নের উত্তরে তদন্তকারী আধিকারিকরা জানান, এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা পরবর্তীকালে জানানো হবে।
জাল ডিআরসি কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও আর্থিক লেনদেনের বিষয় সামনে আসছে। ফলে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।





