সরকারি ধান নিয়েছিলেন কিন্তু সময় মত চাল পৌঁছে দেননি। বারবার বললেও কর্ণপাত করেননি তাঁরা ।তাই বাধ্য হয়েই অভিযোগ করেছিলেন বীরভূম জেলা খাদ্য দপ্তরের মুখ্য খাদ্য পরিদর্শক। গত ১৪ ই মে ২০২৬ সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল জেলা খাদ্য দপ্তরের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার গ্রেফতার করেছিল জয় মা দুর্গা রাইস মিলের মালিক তথা আমোদপুর অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাইস মিলের অন্যতম পার্টনার চন্দ্রনাথ মুখোপাধ্যায়কে।

অভিযোগ ১১. ২ মেট্রিক টন চাল যার মূল্য প্রায় সাড়ে ন কোটি টাকা তা তাঁরা সরকারের কাছে পৌঁছাননি। একই অভিযোগ রয়েছে পুরুলিয়া জেলাতেও। বৃহস্পতিবার দুজনকেই সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার একাধিক চাল কল রয়েছে অভিযোগ বিভিন্ন সময় চাষীদের কাছ থেকে এবং সরকারিভাবে ধান কিনে নিতেন কিন্তু টাকা বা চাল সময় মত পৌছাতেন না । রাজ্যে পালাবদল হতেই রাজীবের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে ,পুলিশও আইন অনুযায়ী গ্রেপ্তার করে আদালতে তোলেন । আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছদিন তাদের রিমান্ডে নিয়েছে।




