
রাজ্যের ছবি পাল্টেছে ইতিমধ্যেই, প্রশাসনিক রদ বদলের ছবিও পাল্টাতে শুরু করেছে। মানুষের ভাবনাও পাল্টাচ্ছে ‘ভয় আউট ভরসা ইন’ হচ্ছে। তারই মাঝে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত পৌরসভা গুলিতে “প্রাক্তন মুখ্যমন্ত্রী”র ছবিও পাল্টানো শুরু হল । “মমতা আউট শুভেন্দু ইন” বীরভূমে।
রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কাজকর্ম ক্ষতিয়ে দেখার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুখ্য সচিব দুষ্মন্ত নারীয়ালা ,স্বরাষ্ট্র সচিব শ্রীমতি সংঘমিত্রা ঘোষ রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করছেন নাগরিকদের নিরাপত্তা ,সুশাসন ও সার্বিক উন্নয়ন নীতি করতে তখন বীরভূমে জেলা বিজেপি সভাপতি উদয়শংকর ব্যানার্জির নেতৃত্বে জেলা বিজেপি নেতৃত্ব জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সহ সিউড়ি পৌর সভায় পৌঁছে ভারত মাতা ,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি করে ছবি তাঁরা লাগান। পাশাপাশি জানানো হয় প্রটোকল অনুযায়ী সরকারি অফিসগুলিতে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘এর ছবিগুলি অবিলম্বে সরিয়ে নিতে হবে। এবং সেই স্থানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও লাগাতে হবে।
সোমবার সিউড়ির কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত ,সিউড়ি পৌরসভা এবং সবশেষে বীরভূম জেলা পরিষদে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের নিয়ে আসেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি। সরকারি অফিস গুলিতে ভারত মাতা ও প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকদের সাথে কথা বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি কোথাও আর রাখা যাবে না স্পষ্টত জানিয়ে দিয়ে জেলা বিজেপি সভাপতি বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি অফিসগুলিতে লাগাতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুশাসন ও সার্বিক উন্নয়ন বজায় রাখতে দায়িত্বশীল স্বচ্ছ জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করবে তাও জানান তাঁরা।
বীরভূম জেলা পরিষদে কর্মীরাও ভয়কে সরিয়ে ভরসার জায়গায় এসেছেন। মুখ খুলছেন তারাও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ছবি পাল্টানোর ক্ষেত্রেও হাত লাগিয়েছেন তারা। অভিযোগ উঠেছে নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও জেলা পরিষদে মমতার ছবি বিভিন্ন ঘর থেকে সরানো হয়নি। তবে আজ সরে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, বসল ভারত মাতার ছবি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি।
একই ছবি সিউড়ি পৌরসভায়। চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন বিজেপি নেতৃবৃন্দ তাকে আগে জানালে তিনি উপস্থিত থাকতেন তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি সরানো হয়েছে নতুন মুখ্যমন্ত্রীর ছবি শীঘ্রই বসানো হবে। ভারত মাতা ও দেশের প্রধানমন্ত্রীর ছবি ইতিমধ্যেই লাগানো হয়েছে পৌরসভায়। সিউড়ি দু’নম্বর ব্লক বিজেপি কার্যকর্তা দের উদ্যোগে সিউড়ি দু’নম্বর ব্লকে ভারত মাতা ও প্রধানমন্ত্রীর ছবি লাগানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি সরিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর জন্য বিডিও সাহেবের সঙ্গেও দেখা করে তা জানিয়ে দেওয়া হয়েছে।




