প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি সংশোধনাগারের বাইরে রাস্তায় তারাশঙ্করের জন্মদিন পালন, ক্ষোভ ও আক্ষেপ 

বীরভূমের সিউড়ি জেলা সংশোধনাগারের উল্টোদিকে রাস্তার ধারে এ বছর পালিত হল কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী। তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদস্যরা সংশোধনাগারের ভিতরে গিয়ে আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে না পারায় রাস্তার পাশেই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন।

সাহিত্য মহলের মতে, লাভপুরে জন্ম হলেও সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যজীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরেছিল তৎকালীন সিউড়ি জেলে রাজবন্দী হিসেবে বন্দিদশায়। সেই সময়কার অভিজ্ঞতা ও ভাবনাই তাঁর সাহিত্যচর্চায় নতুন দিশা এনে দেয়। তাই অনেকের মতে, তাঁর সাহিত্যিক সত্তার এক অর্থে পুনর্জন্ম ঘটেছিল এই সিউড়ি জেল থেকেই।

উল্লেখ্য, গত বছর জেলা প্রশাসন এবং সংশোধনাগার কর্তৃপক্ষের আর্থিক উদ্যোগে সিউড়ি জেলা সংশোধনাগারের অভ্যন্তরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় মুলতঃ তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের আবেদনে । সেই মূর্তিতে মাল্যদান করে জন্মজয়ন্তী পালনের সুযোগ পেয়েছিলেন সাহিত্যপ্রেমীরা। কিন্তু এ বছর সংশোধনাগারের প্রবেশ সংক্রান্ত নিয়মকানুনের কারণে তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের সদস্যরা ভিতরে প্রবেশ করে ১২৮ তম জন্মজয়ন্তীতে তারাশঙ্করের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানাতে পারেননি। ফলে বাধ্য হয়ে সংশোধনাগারের উল্টোদিকে রাস্তার ধারে তারাশঙ্করের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

অনুষ্ঠানে তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের সম্পাদক দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, যে সংশোধনাগার তারাশঙ্করের সাহিত্যজীবনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে তাঁর জন্মদিনে প্রবেশ করে শ্রদ্ধা জানানোর সুযোগ না পাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সাংস্কৃতিক সংগঠন প্রেরণা সিউড়ি বীরভূমের সম্পাদক মৃণালজিৎ গোস্বামী আগামী দিনে আমরা যাতে সংশোধনাগারেই রাঢ়ের কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কে শ্রদ্ধা জানাতে পারি তারজন্য বীরভূম প্রশাসন ও সংশোধনাগার কর্তৃপক্ষ কে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান । নাট্যকার সুজিত ঠাকুর সিউড়ি শহরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি স্থাপনের দাবী জানিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক সমাজসেবী শিবাজী মন্ডল, নারায়ণ মুখোপাধ্যায়, ইয়াসীন আখতার সরোজ কর্মকার,তপন গোস্বামী, বিকাশ রায়,সুব্রত নন্দন, সুজিত ঠাকুর অন্নপূর্ণা মুখোপাধ্যায় প্রমুখ সাহিত্যপ্রেমীরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকীর্তির স্মৃতিচারণ করেন এবং তাঁর সৃষ্টির মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe