সিউড়ির রবীন্দ্রসদনে আনন্দী হেলথ কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের ‘বঙ্গ রঙ্গ আনন্দমেলা’ নাট্যোৎসব। শনিবার ও রবিবার দুদিন ধরে এই নাট্যোৎসবে রাজ্যের চারটি পরিচিত নাট্যদল তাদের নাটক পরিবেশন করে।এই নাট্যোৎসবে অংশ নেয় কাঁচরাপাড়ার ফিনিক্স, কৃষ্ণনগরের সৃঞ্জন, হালিশহরের ইউনিটি মালঞ্চ এবং ইছাপুরের আলেয়া। প্রতিটি দলের শিল্পীদের অভিনয়, নাট্য পরিবেশনা এবং মঞ্চ উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
নাট্যোৎসবের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ছিল প্রবীণ নাট্যব্যক্তিত্ব প্রদীপ কবিরাজের পাশে দাঁড়ানো। আনন্দী হেলথ কেয়ারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী এক বছর তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পরীক্ষা বিনামূল্যে করা হবে।আনন্দী হেলথ কেয়ারের কর্ণধার জয় ব্যানার্জি বলেন, “আমি নিজেও একজন নাট্যকর্মী। ২৭ বছর ধরে আনন নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছি। নাটক ভালো লাগে। তাই ভালো চারটি নাটক সিউড়ির নাট্যপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।”
তবে নাটকের শহর হিসেবে পরিচিত সিউড়িতে এই নাট্যোৎসবে শহরের সমস্ত নাট্যদলের প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়নি। পাশাপাশি নাটক ভালোবাসেন এমন দর্শকদের একটি বড় অংশও এদিন নাটক দেখতে আসতে পারেননি। ফলে দর্শকদের আরও বেশি উপস্থিতি আশা করেছিলেন উদ্যোক্তারা। স্বাভাবিকভাবেই এই বিষয়টি তাঁদের কিছুটা হতাশ করেছে। দুদিনের এই নাট্যোৎসবে চারটি ভিন্ন স্বাদের নাটক উপভোগ করার সুযোগ পান রবীন্দ্রসদনে উপস্থিত দর্শকরা। অভিনয় ও নাট্য পরিবেশনার বৈচিত্র্যে তৃপ্তি নিয়ে ফিরেছেন নাট্যপ্রেমীরা। নাটককে কেন্দ্র করে এমন একটি আয়োজন সিউড়ির সাংস্কৃতিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে, সে কথা বলাই বাহুল্য।




