নাইন ইলেভেন থেকে ‘আমরা কজন’ নাটকের নির্দেশক ও কুশীলবরা নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হল না। কখনও চায়ের দোকানের আড্ডায়, কখনও ইরিগেশন কলোনির মাঠে—সৃষ্টিসুখের উল্লাসে নতুন কিছু করার ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন ‘আমরা কজন’-নাট্যকর্মী।
এবার নাটকের গণ্ডি পেরিয়ে তাঁরা আয়োজন করলেন চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর। শনি ও রবিবার দু’দিন ধরে সিউড়ির লিজ ক্লাবের শতবার্ষিকী হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রদর্শনী। শিল্পী তপন চট্টোপাধ্যায়ের চিত্রকর্ম এবং চন্দ্রধর চক্রবর্তীর ভাস্কর্যকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে সাধারণ দর্শক-শ্রোতাদের পাশাপাশি শিল্পী, নাট্যপ্রেমী ও শহরের বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সঞ্জিত ঘোষ। শনিবার উদ্বোধনী সংগীতে ছোট্ট ঊর্জা চট্টোপাধ্যায়ের গান উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এরপর নাট্যপ্রেমী ও শহরের বিশিষ্টজনেরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিল্পীদের সৃষ্টিকর্মের প্রশংসা করেন।
রবিবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অঞ্জন চট্টোপাধ্যায়, ঋতুরাজ সেন, রঞ্জিত হাজরা ও সঞ্জয় দে। নাটক পাঠ করেন উত্তীয় চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় দেবাশীষ দত্তের দুটি নাটক—‘লোকটা’ ও ‘নদী’। নাটক দুটিতে অভিনয় করেন উত্তম চট্টোপাধ্যায় ও দেবাশীষ দত্ত।
এছাড়াও কবিতা পাঠ ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাবুল সাহা। নাট্যকর্মীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সিউড়ির সাংস্কৃতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি করেছে।





