আগামী ৯ আগস্ট, ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস উপলক্ষে সিউড়ি শহরে তিরঙ্গা হাতে পদযাত্রার আহ্বান জানালেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার তিনি জানান, বিকেল ৪টায় সার্কিট হাউস মোড় থেকে শুরু হয়ে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রার শেষে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করবেন।
মন্ত্রী বলেন, ৯ আগস্ট ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই সিউড়িতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।
শুক্রবার কলকাতা ভবানীপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত ঘর ঘর তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ভাবনাকে সামনে রেখেই সাধারণ মানুষকে জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাঁর বক্তব্য, দেশের ঐক্য, জাতীয় চেতনা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন।উচ্চশিক্ষা মন্ত্রী সিউড়ি শহরসহ গোটা বীরভূমের বাসিন্দাদের নির্ধারিত সময়ে জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর দাবি, স্বাধীনতার ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং জাতীয় চেতনা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।





