বীরভূম সাহিত্য পরিষদের প্রাণপুরুষ কিশোরী রঞ্জন দাসের ৯০তম জন্মবার্ষিকী পালিত হল সিউড়িতে। বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী সভামঞ্চ ও নাট্যমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য পরিষদের সভাপতি শান্তিময় মুখোপাধ্যায়, অধ্যাপক নারায়ণপ্রসাদ, ড. আদিত্য মুখোপাধ্যায়, ডক্টর বাদল দাস ,সুপর্ণা দাস রায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উপলক্ষে রবিবার, ২৩ আগস্ট স্মারক বক্তৃতা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘কবি ওয়ালাদের গান চর্চার প্রাসঙ্গিকতা’ বিষয়ের উপর স্মারক বক্তৃতা দেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা লোকসাহিত্যের বিশিষ্ট গবেষক বিকাশ পাল। লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারার সঙ্গে যুক্ত কবিগান, তার চর্চার ঐতিহ্য এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে পালাগানভিত্তিক কবিগান পরিবেশন করেন সুভাষচন্দ্র দাস ও তাঁর সম্প্রদায়। গান ও আলোচনার মধ্য দিয়ে লোকসংস্কৃতির এই প্রাচীন ধারার ঐতিহ্য ও প্রাসঙ্গিকতাকে তুলে ধরা হয়।
পাশাপাশি বীরভূম সাহিত্য পরিষদের সহযোগিতায় আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী লেখকদের এদিন সংবর্ধনা জানানো হয়। সাহিত্য, লোকসংস্কৃতি ও গবেষণার সমন্বয়ে বীরভূম সাহিত্য পরিষদের এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।




