রাজ্যজুড়ে চলছে সংস্কৃত সপ্তাহ উদযাপন। তারই অঙ্গ হিসেবে বীরভূম জেলার বিভিন্ন স্কুলেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে সংস্কৃত দিবস। সংস্কৃত ভাষার ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি বর্তমান সময়ে এই প্রাচীন ভাষার প্রয়োজনীয়তা নিয়েও পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রাবতী মোস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের উদ্যোগে পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা বের করা হয়। অন্যদিকে বীরভূম জেলা স্কুলেও বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় সংস্কৃত দিবস।
এদিন জেলা স্কুলের অডিটোরিয়ামে পড়ুয়াদের নিয়ে সংস্কৃত শ্লোক উচ্চারণ, বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকরা সংস্কৃত ভাষা ও সাহিত্যের ইতিহাস, ভাষার প্রয়োজনীয়তা এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে পড়ুয়াদের সামনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বীরভূম জেলা স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে সংস্কৃত বিষয়ে গবেষণারত সৌভিক ধীবরের উপস্থিতি। তিনি পড়ুয়াদের সামনে সংস্কৃত ভাষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শুদ্ধ সংস্কৃত উচ্চারণের বিভিন্ন দিক নিয়ে ডেমোনস্ট্রেশন দেন। তাঁর উপস্থাপনা পড়ুয়াদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।
বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা বলেন, বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় সংস্কৃত ভাষার চর্চার প্রয়োজনীয়তা অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান সরকার যেভাবে সংস্কৃত ভাষাকে গুরুত্ব দিচ্ছে, তাতে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে সংস্কৃত নিয়ে আগ্রহ আরও বাড়বে। এর ফলে এই ভাষাকে নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা এগিয়ে আসবে এবং সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে।
সংস্কৃত সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান পড়ুয়াদের মধ্যে প্রাচীন ভারতীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন শিক্ষকরা।
বীরভূমের স্কুলে স্কুলে পালিত সংস্কৃত দিবস, সংস্কৃত ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে পড়ুয়াদের সচেতনতা
August 31, 2026 7:08 PM




