বীরভূম জেলার রাস্তাঘাট ও পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো সিউড়ির আব্দারপুর গেস্ট হাউসে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পি ডব্লিউ ডি ও পি এইচ ই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার, ভগবানগোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণপদ সাহা এবং লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা-সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন-সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তের রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি, পানীয় জলের সমস্যা এবং আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে পি ডব্লিউ ডি ও পি এইচ ই দপ্তর কীভাবে আরও কার্যকর ভূমিকা পালন করবে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার উন্নয়নমূলক কাজের ভবিষ্যৎ রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অনুপ সাহা জানান, জেলার ফোর লেন রাস্তা-সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে আগামী শুক্রবার প্রতিনিধি দলের সদস্যরা বীরভূমের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করবেন। সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তার সমাধানের উদ্যোগ নেওয়াই এই পরিদর্শনের অন্যতম লক্ষ্য।





