বাড়ি থেকে ডেকে নিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে মাথায় গুলি করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বোলপুরে। মৃত বিজেপি নেতার নাম চন্দন ভল্লা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়
।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চন্দন ভল্লার বাড়ির কাছে আসে। দু’জনের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। প্রাথমিকভাবে অনুমান, কাছ থেকে চন্দনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুখ কাপড়ে ঢাকা অবস্থায় দুই বাইক আরোহী দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে হামলাকারীদের পরিচয় এবং খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার ভিদীত রাজ ভুন্ডেশ।
তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠানো হবে এবং প্রয়োজনে পুলিশ কুকুরও ব্যবহার করা হতে পারে বলে জানান তিনি।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে
রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিজেপি নেতা খোকন দাস বলেন, এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।চন্দন ভল্লার হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।





