পিস্তল দেখিয়ে মেলায় তোলাবাজির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করে দুই ভাইকে । ধৃতদের নাম তৌফিক খান ও রওনক জামাল খান।
তাঁদের বাড়ি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট গোপালপুর গ্রামে। দুবরাজপুর ব্লকের আগয়া সংলগ্ন বুজরকি বাবার মেলা বসেছে । বুধবারন সেই মেলায় পিস্তল বের করে মেলায় আগত দর্শনার্থীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ। 
ঘটনার খবর চাউর হতেই মেলায় এসে পড়ে দুবরাজপুর থানার পুলিশ । পুলিশকে দেখে মোটরসাইকেল নিয়ে দুই ভাই চম্পট দিলেও শেষ রক্ষা হয়নি পুলিশ তাদের পেছনে ধাওয়া করে দাতিন থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় তাদের আটক করে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এরপরেই তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে দুবরাজপুর থানার পুলিশ বৃহস্পতিবার তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হলে ধৃত দুই ভাইকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।




