বোলপুরে গুলিতে নিহত বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী। বুধবার চন্দন ভল্লার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
চন্দন ভল্লার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক পরিচয়কে সামনে না রেখে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান সঞ্জয় অধিকারী। তাঁর বক্তব্য, অপরাধীর কোনও রাজনৈতিক পরিচয় দেখা উচিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে যারা প্রকৃতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি নিহতের পরিবারের আর্থিক ভবিষ্যৎ নিয়েও প্রশাসনের কাছে আবেদন জানান জেলা কংগ্রেস সভাপতি। পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখেন তিনি, যাতে চন্দন ভল্লার মৃত্যুর পর পরিবারটি আর্থিক অনিশ্চয়তার মধ্যে না পড়ে।
এর পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে চন্দন ভল্লার দুই ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা জানান সঞ্জয় অধিকারী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিপন্ন পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি।
চন্দন ভল্লার পরিবারের সঙ্গে দেখা করে সঞ্জয় অধিকারীর এই উদ্যোগকে ঘিরে এলাকায় আলোচনাও শুরু হয়েছে। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, একজন মানুষের অকালমৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব।
চন্দন ভল্লার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সঞ্জয় অধিকারী l
September 30, 2026 9:57 PM




