কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (এনআরএলএম) এবং রাজ্য অনুমোদিত প্রকল্পে কর্মরত কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি)-দের নিয়মিত বেতন পরিচয় পত্র ও স্থায়ী কর্মীর স্বীকৃতি সহ একাধিক দাবিতে মঙ্গলবার বীরভূমের সিউড়িতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এআইইউটিইউসি অনুমোদিত সারাবাংলা সিএসপি ইউনিয়নের ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন কর্মসূচির শুরুতে বিপুল সংখ্যক মহিলা কর্মী মিছিল করে শহর পরিক্রমা করেন। পরে জেলার প্রজেক্ট ডিরেক্টর (পিডি) এবং জেলা শাসকের (ডিএম) উদ্দেশে স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এনআরএলএম প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সিএসপিরা নিয়মিত বেতন, ব্লক স্তর থেকে আনুষ্ঠানিক এনগেজমেন্ট লেটার, সরকারি পরিচয়পত্র এবং চাকরির স্থায়ীকরণের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তাই অবিলম্বে নিয়মিত ও নির্দিষ্ট বেতন চালু, ব্লক স্তর থেকে এনগেজমেন্ট লেটার প্রদান, সরকারি পরিচয়পত্র ইস্যু এবং সিএসপিদের স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে।সংগঠনের নেত্রী
বৃন্দ জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপেরও আবেদন করেছেন তারা।




