বীরভূমে পুলিশি এনকাউন্টারে অভিযুক্ত রতন শেখের মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে মুখ খুলল জেলা পুলিশ। পুলিশের দাবি, সমস্ত আইন ও নিয়ম মেনেই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। পাশাপাশি, পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় রতনের আরও দুই সহযোগী নূর হুসেন শেখ ও রমেশ লোহারকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ।
পুলিশ সুপার জানান, রতন শেখকে জিজ্ঞাসাবাদের পর অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল নানুর থানার উচকরণ গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায়। সেখানেই লুকিয়ে রাখা ৭ এমএম পিস্তল উদ্ধার করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। প্রথম গুলিটি পুলিশের গাড়িতে লাগে। এরপর দ্বিতীয়বার গুলি চালানোর সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় রতন। তাকে দ্রুত নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সুপারের বক্তব্য, অস্ত্র উদ্ধারের সময় নিয়ম মেনেই ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় আচমকাই রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে আত্মরক্ষার স্বার্থেই পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়। গোটা প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।পুলিশের এন কাউন্টারের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য রাজ্যজুড়ে প্রশ্নের মুখে পড়েছে জেলা পুলিশ প্রশাসন
এই ঘটনায় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিরোধীরা, রতন শেখের হাতে ৭ এমএম পিস্তল এল কীভাবে? পুলিশ সুপার জানান, একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জেলের বাইরে রতনের সঙ্গে দেখা করেছিল তার দুই সহযোগী রমেশ লোহার ও নূর হুসেন শেখ। পুলিশের অনুমান, তাদের কাছ থেকেই সম্ভবত ওই আগ্নেয়াস্ত্র পেয়েছিল রতন। অস্ত্রটি কোথা থেকে এসেছিল, কে তাকে সরবরাহ করেছিল এবং জেলের ভিতরে বসেই কোনও ষড়যন্ত্রের পরিকল্পনা হয়েছিল কি না, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা ছিল। গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতন থানার পুলিশ অন্য একটি মামলায় লায়েকবাজার এলাকায় তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায়। বাঁ পায়ের হাঁটুর উপরে গুলি লেগে গুরুতর জখম হন বিশ্বজিৎ। প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এরপর সূত্র মারফত খবর পেয়ে চিরুনি তল্লাশি চালিয়ে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নানুরের উচকরণ গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে। সেই অস্ত্র উদ্ধার করতে গিয়েই ঘটে এনকাউন্টারের ঘটনা। এই ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৮, ১৩২, ২২১ ও বিএন এস ৩৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতার হওয়া রতনের দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও ঘটনার পিছনে আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এনকাউন্টার ঘিরে ওঠা প্রশ্নের মধ্যেই তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের জন্য আবেদন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার জানান, সিআইডি তদন্ত করতে চাইলে জেলা পুলিশের কোনও আপত্তি নেই। অন্য জেলার পুলিশও তদন্ত করতে পারে। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, রতন শেখের মৃত্যু নিয়ে পুলিশের ভূমিকা ও এনকাউন্টারের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। কুনাল ঘোষ বলেন , অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু সেই শাস্তি দেওয়ার অধিকার পুলিশের নয়, বিচারব্যবস্থার। পুলিশ, তদন্তকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের আওতায় থেকেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বলেন সরকার নিজের হাতে আইন তুলে নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে পরামর্শ দিয়ে বলেন উত্তরপ্রদেশের বুলডোজার সরকারের মত আপনি এখানে এনকাউন্টারের সরকার তৈরি করবেন না l
কুণাল ঘোষের প্রশ্ন, পুলিশের দাবি অনুযায়ী অভিযুক্ত পালানোর সময় বা অস্ত্র উদ্ধারের সময় হামলা চালিয়েছিল—এই ধরনের ঘটনার কোনও ভিডিওচিত্র না থাকলে পুলিশের বক্তব্যের সত্যতা কীভাবে প্রমাণিত হবে? তাঁর মতে, যথাযথ তথ্যপ্রমাণ না থাকলে মানবাধিকারের প্রশ্ন উঠতে পারে। এনকাউন্টারের মতো ঘটনা বারবার ঘটলে তার অপব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
সব মিলিয়ে রতন শেখের মৃত্যু ঘিরে বীরভূমের রাজনীতিতে ও প্রশাসনিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের দাবি, আইন মেনেই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। অন্যদিকে, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।





