শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিডি মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। রবিবার বিমলা দেবী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, অ্যাপোলো ডায়াগনস্টিক, এসকাহিল হেলথ এবং বিডি মডেল স্কুলের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।
‘স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সুরক্ষা’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ বিশিষ্ট চিকিৎসকেরা। তাঁরা শিবিরে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয়।এদিন বিডি মডেল স্কুলের পক্ষ থেকে মদনমোহন মণ্ডল বলেন, “আমরা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও সমান সচেতন। সুস্থ শরীর থাকলেই সুন্দর মন তৈরি হবে, আর মন ভালো থাকলেই পড়াশোনার প্রতি আগ্রহ জন্মাবে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” শিক্ষার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার বার্তা দেন উদ্যোক্তারা।





