আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে শব্দদূষণ রুখতে কড়া অবস্থান নিল বীরভূম জেলা পুলিশ প্রশাসন। কোনওরকম শব্দদূষণ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার বিনীত রাজ ভুন্দেজ। শুধুমাত্র সরকার অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও ধরনের শব্দবাজি বিক্রি বা মজুত রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এমনকী কালীপুজোয় ফানুস ওড়ানোর ক্ষেত্রেও থাকছে বিশেষ বিধিনিষেধ। ফানুস ওড়াতে হলে দমকল বিভাগের বিশেষ অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।অন্যদিকে, কালীপুজো উপলক্ষে যেসব এলাকায় সাধারণ মানুষের ভিড় বেশি হয়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ স্থান ও পুজো মণ্ডপে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসিটিভি ক্যামেরার নজরদারির পাশাপাশি পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন থাকবে। যাতে উৎসবের আনন্দে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখছে জেলা পুলিশ প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, বীরভূম জেলায় প্রায় তিন হাজার কালীপুজো অনুষ্ঠিত হয়। এত বিপুল সংখ্যক পুজোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন জেলা পুলিশ প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।
কালীপুজোয় শব্দবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের
October 31, 2026 8:02 PM





