না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা স্বপন রায়। ২৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৭৫ বছর বয়সে তাঁর প্রয়াণে বাংলা নাট্যজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আনন নাট্যদলের অন্যতম রূপকার এবং বাংলার গুরুত্বপূর্ণ নাট্যপত্রিকা ‘আননায়ুধ’-এর সম্পাদক হিসেবে তিনি নাট্যচর্চার জগতে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।
স্বপন রায় ১৭ জুন ১৯৫১ জন্মগ্রহণ করেন l নাট্যচর্চা, নাট্যসংগ্রহ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। আনন নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ড ও ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছেন। নাট্যদলের নানা তথ্যের সংগ্রাহক ও সরবরাহকারী হিসেবেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
নাট্যকার ও নির্দেশক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম ছিল। অভিনয়শিল্পী হিসেবেও তিনি দর্শক ও নাট্যপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন। ‘সুদিনের লেগে’ নাটকের নাট্যরূপ দিয়েছিলেন তিনি। তাঁর অভিনীত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘মহাজ্ঞানী’, ‘কয়েন’, ‘কবি কালিদাস’, ‘পাখি’ ও ‘বিষহরি’। নাট্যাভিনয়ের পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালক ও বক্তা হিসেবেও তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের অসংখ্য নাট্যদল তাঁকে সম্মানিত করেছে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে লিটল ম্যাগাজিন মেলাতেও তিনি সম্মাননা লাভ করেন।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই নাট্য ও সাংস্কৃতিক মহলে শোকের আবহ তৈরি হয়। কলকাতা থেকে তার মৃতদেহ এনে সিউড়ি সিধু কানহু মুক্তমঞ্চে তাঁর মরদেহ শায়িত রাখা হয়। সেখানে নাট্যকর্মী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক জগতের বহু মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ সিউড়িতে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি যে স্টুডিওতে কাজ করতেন, সেই ‘রূপছায়া’তেও তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়ি নগরীতে।
স্বপন রায়ের প্রয়াণ শুধু একজন নাট্যকার, নির্দেশক ও অভিনেতার বিদায় নয়, বাংলা নাট্যচর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। নাট্যপত্রিকা সম্পাদনা, নাট্যদলের ইতিহাস সংরক্ষণ, নাট্যরূপ প্রদান এবং অভিনয়-নির্দেশনার মধ্য দিয়ে তিনি যে অবদান রেখে গেলেন, তা নাট্যজগতের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বাংলা নাট্য ও সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।





