প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বীরভূমের দুর্গাপুজো

শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পরিবর্তনই জগতের নিয়ম, আর পরিবর্তনের হাত ধরেই আসে নতুন ভাবনা ও উন্নয়নের দিশা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিতে পরিবর্তনের পাশাপাশি এবছর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটেও এসেছে পরিবর্তন। সেই আবহে এবারের দুর্গাপুজোয় উৎসবের আনন্দের পাশাপাশি সনাতনী ভাবধারা, ধর্মীয় ভক্তি, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন বিশেষভাবে নজর কাড়ছে। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে দুর্গাপুজোর আয়োজনে পিছিয়ে নেই বীরভূমও। জেলায় বেড়েছে পুজোর সংখ্যা। সরকারি অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলিও নিজেদের ভাবনা ও পরিকল্পনায় সাজিয়ে তুলেছে মণ্ডপ। মহাপঞ্চমীর সন্ধ্যায় বীরভূমের একাধিক পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনা ও সামাজিক বার্তাও বিশেষ গুরুত্ব পেয়েছে l

বিজেপির জেলা কার্যালয়ের সামনে শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির পুজো: ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা কার্যালয়ের সামনে শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির পরিচালনায় দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ধ্রুব সাহা, বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ, শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়- সমাজসেবী অনিমেষ মুখোপাধ্যায় শিবাজী মন্ডল শ্যামসুন্দর গড়াই দীপক দাস উত্তম রজক সহ বিজেপি ও আরএসএসের নেতৃবৃন্দ।

এদিন অনুষ্ঠানে দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। পুজোর আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তিতে দেশাত্মবোধের সুর: এবছর দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি। বড়বাগান প্রান্তিক সংঘের উদ্যোগে মহাপঞ্চমীর সন্ধ্যায় ১৫০ কণ্ঠে বন্দেমাতরম সংগীত পরিবেশন করা হয়। দেশাত্মবোধক সংগীতের এই আয়োজন দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

অন্যদিকে, সিউড়ি একের পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপেও বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে বিশেষ ভাবনা তুলে ধরা হয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানকে মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও মাতৃশক্তি, কোথাও যোগাভ্যাস ও পরিচ্ছন্নতার বার্তা: সিউড়ির বিভিন্ন পুজো মণ্ডপে এবছর দেখা যাচ্ছে নানা ধরনের সৃজনশীল ভাবনা। সিউড়ির ভট্টাচার্যপাড়ার ছয়ের পল্লি সর্বজনীনের মণ্ডপে সর্বজনীন মাতৃমূর্তির ভাবনা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সিউড়ির ভট্টাচার্যপাড়ার পুজো, যোগাভ্যাস ও সুস্থ জীবনযাপনের ভাবনা স্থান পেয়েছে । স্বচ্ছতা, সুস্থতা এবং যোগাভ্যাসের মতো বিষয়কে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে সচেতনতা তৈরির প্রচেষ্টাও এবারের পুজোর অন্যতম দিক।কাশ্মীর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:সিউড়ির মল্লিকগুনা পাড়ার সর্পধারিণী ক্লাব এবছর তাদের মণ্ডপের ভাবনায় তুলে ধরেছে ভূস্বর্গ কাশ্মীরকে। প্রাকৃতিক সৌন্দর্য ও কাশ্মীরের পরিচিতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে তাদের পুজোর পরিকল্পনা। অন্যদিকে, হাটজন বাজারে সার্বজনীন যুব সংস্থার এবছরের থিম ‘গেট অফ লোটাস’। চাঁদনিপাড়ার স্বাধীন ভারত ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে তাদের মণ্ডপের ভাবনা সাজিয়েছে। ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের মতো বিষয়কে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ দর্শনার্থীদের সামনে নতুন বার্তা তুলে ধরছে। সিউড়ি সেচ কলোনি পুজোর এ বছরের থিম হাটে বাজারেl

সাঁইথিয়ায় মুখোশের ভাবনা: সাঁইথিয়ার অরুণোদয় ক্লাব এবছর মণ্ডপসজ্জায় বেছে নিয়েছে মুখোশের ভাবনা। লোকসংস্কৃতি ও শিল্পভাবনার মেলবন্ধনে এই থিম দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশা উদ্যোক্তাদের।

গণপুর মাঠ মহুলায় প্রথম সর্বজনীন দুর্গাপুজো:বীরভূমের গণপুর মাঠ মহুলায় এবছর প্রথমবারের জন্য সর্বজনীন দুর্গাপুজোর সূচনা হয়েছে। নতুন এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। এলাকার মানুষের অংশগ্রহণে নতুন করে গড়ে ওঠা এই পুজো স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশেষ মাত্রা যোগ করেছে।সব মিলিয়ে এবছর বীরভূমের দুর্গাপুজোয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেশাত্মবোধ, সামাজিক সচেতনতা, লোকসংস্কৃতি ও শিল্পভাবনার বৈচিত্র্য চোখে পড়ছে। কোথাও বন্দেমাতরমের সুর, কোথাও কাশ্মীরের সৌন্দর্য, কোথাও আবার ভাষা ও লোকশিল্পের অনন্য উপস্থাপনা—সব মিলিয়ে বীরভূমের দুর্গোৎসব হয়ে উঠেছে ভক্তি ও সংস্কৃতির এক বর্ণময় মিলনক্ষেত্র।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe