শুক্রবার ষষ্ঠীর বিকেলে ঘোষিত হল ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর পুরস্কার প্রাপকদের নাম। জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুর্গাপুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন জেলাশাসক ধবল জৈন।
জেলাশাসক জানান, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, মহকুমাশাসক, সমাজসেবী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বিচারকমণ্ডলী গঠন করা হয়েছিল। জেলার তিনটি মহকুমায় বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চারটি বিভাগে পুজো কমিটিগুলিকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা সমাজসচেতনতা এবং জেলার সেরা পুজো—এই চারটি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত কমিটিকে ট্রফি, শংসাপত্র এবং ৫০ হাজার টাকার চেক দেওয়া হবে। পুজোর পরে একটি বিশেষ দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারগুলি তুলে দেওয়া হবে বলে জানান জেলাশাসক। পাশাপাশি, পুরস্কারপ্রাপ্ত পুজো মণ্ডপগুলির সামনে সংশ্লিষ্ট সম্মানের উল্লেখ-সহ ব্যানার লাগানো হবে বলেও তিনি জানান।
সেরা প্রতিমা: এই বিভাগে পুরস্কার পেয়েছে সিউড়ির জোনাকি ক্লাব, লাভপুরের বাকুল জুভেনাইল ক্লাব এবং রামপুরহাটের হাটতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
সেরা মণ্ডপ:
সেরা মণ্ডপ বিভাগে সম্মানিত হয়েছে সিউড়ি পুলিশ লাইন বীরভূম ডিস্ট্রিক্ট আরক্ষা আবাসন দুর্গাপুজো কমিটি, রামপুরহাটের কালিসাড়া আমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং নিশ্চিন্তপুর পূর্ব সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
সেরা সমাজসচেতনতা:সমাজসচেতনতার বার্তা তুলে ধরার জন্য পুরস্কৃত হয়েছে দুবরাজপুরের পথিকৃৎ, সিউড়ির বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতি এবং বোলপুরের শ্যামবাটি যুব সমিতি।
জেলার সেরা পুজো: জেলার সেরা পুজোর স্বীকৃতি পেয়েছে দুবরাজপুরের স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং রামপুরহাটের দশের পল্লী ক্লাব এবং বোলপুরের কাছারিপট্টি যুব সম্প্রদায়
দুর্গাপুজোর শিল্পভাবনা, মণ্ডপসজ্জা, সামাজিক সচেতনতা ও সামগ্রিক আয়োজনকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। জেলার তিন মহকুমার পুজো কমিটিগুলিকে বিভিন্ন বিভাগে সম্মানিত করার মধ্য দিয়ে উৎসবের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করার বার্তা দিয়েছে জেলা প্রশাসন।





